হৃদরোগে মারা গেলেন বিসিবির কোচ মোসাদ্দেক

সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলার কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন । হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোকবার্তায় তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বিসিবি।
তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন মোসাদ্দেক হোসেন। ২০১১ সালে বিসিবিতে যোগ দিয়েছিলেন তিনি। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা জেলা দলের কোচ হওয়ার আগে দায়িত্ব পালন করেছেন ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবেও। তিনি ছিলেন বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ।
সর্বশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মোসাদ্দেক হোসেন।



