শান্তির পৃথিবীতে অশান্তি সৃষ্টি নিষিদ্ধ

গ্রাফিকস: আগামীর সময়
মানবসমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। মানুষের জানমাল, সম্মান ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। অথচ কিছু মানুষ নিজেদের স্বার্থ, প্রতিহিংসা কিংবা ক্ষমতার লোভে সমাজে অশান্তি সৃষ্টি করে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে তোলে। এসব কর্মকাণ্ড শুধু মানুষের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতাকেও বিনষ্ট করে। পবিত্র কোরআন এ ধরনের বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টির ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছে।
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
وَلَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ بَعْدَ إِصْلَـٰحِهَا وَٱدْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ ٱللَّهِ قَرِيبٌ مِّنَ ٱلْمُحْسِنِينَ
অর্থ: ‘আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না। আর তাঁকে ভয় ও আশা নিয়ে ডাকো। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী।’ (সুরা আ‘রাফ, আয়াত: ৫৬)
এই আয়াতে মহান আল্লাহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করেছেন। আয়াতটির বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষের জীবন, সমাজ ও পরিবেশের স্বাভাবিক শৃঙ্খলা নষ্ট করে এমন সব কর্মকাণ্ডই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অন্তর্ভুক্ত। অন্যায়ভাবে মানুষের জানমালের ক্ষতি করা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর, সন্ত্রাস, নাশকতা, ভয়ভীতি প্রদর্শন এবং জনজীবনে আতঙ্ক সৃষ্টি করা এর উল্লেখযোগ্য উদাহরণ। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, পারস্পরিক আস্থা নষ্ট হয় এবং সমাজে অস্থিতিশীলতা তৈরি হয়।
মুফাসসিরগণ এ আয়াতের ব্যাখ্যায় পৃথিবীতে আল্লাহর আনুগত্য ও ন্যায়ভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার পর অবাধ্যতা, শিরক, অন্যায় ও পাপাচারের মাধ্যমে বিপর্যয় সৃষ্টি না করার নির্দেশের কথা উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির (রহ.) আয়াতটির ব্যাখ্যায় পৃথিবীর সংশোধন ও শান্তি প্রতিষ্ঠার পর তাতে বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করার বিষয়টি তুলে ধরেছেন।
আয়াতের শেষাংশে মহান আল্লাহকে ভয় ও আশা নিয়ে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একজন মুমিন আল্লাহর শাস্তিকে ভয় করবে এবং তাঁর রহমতের প্রত্যাশা রাখবে। এই বিশ্বাস তাকে অন্যায়, জুলুম ও মানুষের ক্ষতিসাধন থেকে বিরত রাখবে। কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি ধারণ করে, সে অন্যের নিরাপত্তা বিঘ্নিত করতে কিংবা নিরপরাধ মানুষের দুর্ভোগের কারণ হতে পারে না।
সুতরাং সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা শুধু রাষ্ট্র বা প্রশাসনের দায়িত্ব নয়; প্রত্যেক নাগরিকেরও নৈতিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। অন্যায়, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সচেতন অবস্থান গ্রহণ, মানুষের জানমাল রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করা প্রত্যেকের কর্তব্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে জনজীবনে আতঙ্ক সৃষ্টি কিংবা মানুষের সম্পদ ও জীবন বিপন্ন করার অধিকার কারও নেই। পবিত্র কোরআনের এ নির্দেশনা আমাদের স্মরণ করিয়ে দেয়, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, বিপর্যয় সৃষ্টি করা যাবে না।



