মামুনুল হক
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠকে ঐক্যের বার্তা, রাজপথে থাকবে ১১ দল

ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠককে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে ১১ দলীয় ঐক্য। তবে সরকারের সঙ্গে ঐক্যের বার্তা বিনিময় হলেও নিজেদের সাত দফা দাবি থেকে সরে আসছে না জোটটি। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, চলমান সহিংসতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে জোটের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক প্রসঙ্গে মামুনুল হক বলেন, সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, বিরোধীদলীয় নেতা তাতে ইতোমধ্যে প্রাথমিক সাড়া দিয়েছেন। বুধবার জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠককে তিনি সেই উদ্যোগের প্রতিফলন হিসেবে দেখছেন।
মামুনুল হক বললেন, দুই শীর্ষ নেতার বৈঠক থেকে ঐক্যের বিষয়ে একটি ইতিবাচক বার্তা পাওয়া গেছে। তবে এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায়ের কার্যকারিতা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, গণরায় উপেক্ষা করার অবস্থান থেকে সরকার সরে এলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।
সরকারের সঙ্গে ঐক্যের সম্ভাবনা তৈরি হলেও সাত দফা দাবি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন মামুনুল হক। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে পরাজিত ও আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা মোকাবিলাকে এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ১১ দল। তবে তাদের রাজনৈতিক ও আন্দোলনগত দাবিগুলোও বহাল থাকবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বরং বৈঠকটিকে দুই পক্ষের মধ্যে ঐক্যের বার্তা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় উদ্বেগ জানিয়ে মামুনুল হক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর মধ্য দিয়ে জনমনে আতঙ্ক তৈরি হওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য তৈরি হয়েছিল, সেটিই বাংলাদেশের শক্তি। সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়তে পারে। জুলাই সনদ ও বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই সেই ঐক্যের ভিত্তি আরও শক্তিশালী করা প্রয়োজন।
মামুনুল হক বলেন, জনগণের সম্পদ ও জানমালের ক্ষতি করে কোনো গোষ্ঠী দেশের মানুষকে পরাস্ত করতে পারবে না। এ ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ১১ দল রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে চায়।
চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রতি আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা জানিয়েছেন মামুনুল হক। একই সঙ্গে প্রশাসনকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি নৈরাজ্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের সঙ্গে আগের সরকারের বিরোধী মতের প্রতি আচরণের তুলনা করে তিনি বলেন, আগের সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর অবস্থান নিয়েছিল। বর্তমান সরকার বিরোধী মত দমনের ক্ষেত্রে ততটা নৃশংস নয় বলে তার পর্যবেক্ষণ। তবে পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন।
সহিংসতায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে ১১-দলীয় ঐক্য।
বৈঠকে জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অলি আহমদ, রাশেদ প্রধান, মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্য নেতারা।



