প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির

কর্নেল অলি
ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। আজ বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের এক সেমিনারে এ পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেছেন, ‘আপনার কাজ হচ্ছে, বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে, তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
তিনি বলছিলেন, ‘চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু। যারা আপনার পাশে আছেন, তারা হচ্ছেন আপনার আসল শত্রু।’
অলি আহমদ বললেন, ‘প্রধানমন্ত্রী শত্রু দ্বারা আবর্তিত। বিদেশি গুপ্তচররা সরকারে ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বিদেশি গুপ্তচর যেকোনো সময় তারেক রহমানের বড় ক্ষতি করতে পারে।’ তাদেরকে দল থেকে বের করে দেওয়ার পরামর্শ দেন তিনি।







