ধৈর্যের সীমা ভাঙবেন না, আওয়ামী লীগকে রিজভী

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: আগামীর সময়
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পলাতক শক্তিকে সতর্ক করে তিনি বলেছেন, ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভার আয়োজন করে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বললেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর প্রথমে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম এবং চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলছিলেন, আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই জমিদারি ফিরে পেতেই বোমাবাজি করে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো যাবে না।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই তিনি বুঝতে পেরেছিলেন যে, পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। তিনি তখনই পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেছিলেন।
তিনি যোগ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে এবং ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। উত্তর প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে তার সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন—বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।



