অগ্নি-সন্ত্রাসের নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের দাবি

সংগৃহীত ছবি
রাজধানীসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।
জোটের নেতারা বলেছেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে জনগণের মধ্যে ভীতি সৃষ্টি এবং গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই তারা পরিকল্পিতভাবে এই ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে।
আজ বুধবার এক যৌথ বিবৃতিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এর পেছনের মূল হোতাদের বিচার দাবি করা হয়েছে।
বিবৃতিতে জোট নেতারা বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের উস্কানি ও অরাজকতা রুখতে জাতীয়তাবাদী সমমনা জোট সর্বদা দেশবাসীর পাশে আছে এবং থাকবে।
বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন—জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জোটের সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান, জোটের মুখপাত্র ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, জোটের অন্যতম শীর্ষনেতা ও পিপলস্ লীগের সভাপতি অ্যাডভোকেট গরিবে নেওয়াজ প্রমুখ।



