চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ড. মোশাররফ

ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিঙ্গাপুর যান ড. মোশাররফ। পরদিন ৬ নভেম্বর তিনি সেখানকার একটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ১৫ নভেম্বর দেশে ফেরার উদ্দেশে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যাওয়ার পথে শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।
পরে পাঁচ দিন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পর শুক্রবার বিকালে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শতাধিক দলীয় নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন।



