মাদক সর্বত্র ছড়িয়ে পড়ছে : ইশরাক হোসেন

সংগৃহীত ছবি
মাদকের বিস্তার শহর থেকে গ্রাম, স্কুল থেকে পাড়া-মহল্লা পর্যন্ত ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তার ভাষ্য, ‘এই মরণনেশা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও হচ্ছে। এ পরিস্থিতি থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে এনে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ এবং জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন জানালেন, মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে মার্শাল আর্ট ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানী থেকে গ্রাম ও প্রান্তিক পর্যায় পর্যন্ত মার্শাল আর্ট ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রতি সপ্তাহে প্রতিযোগিতা আয়োজন করা হবে।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তারই একটি কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তী সময়ে মার্শাল আর্ট কনফেডারেশনের দায়িত্ব গ্রহণ করেছি।’
নতুন কমিটির তিনটি প্রধান লক্ষ্য তুলে ধরে ইশরাক বললেন, ‘প্রথমত— অলিম্পিকে অন্তর্ভুক্ত ছয়টি মার্শাল আর্টকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে। এর মাধ্যমে অলিম্পিক, এশিয়ান গেমস ও সাউথ এশিয়ান গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য গৌরব বয়ে আনার উপযোগী খেলোয়াড় গড়ে তোলা হবে।’
‘আগে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অধীনে ৩২টি অ্যাসোসিয়েশনের মাধ্যমে ৩২ ধরনের মার্শাল আর্ট এগিয়ে নেওয়া হতো। তবে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অলিম্পিকে অন্তর্ভুক্ত ছয়টি মার্শাল আর্টকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে’—বলছিলেন তিনি।
দ্বিতীয় লক্ষ্য সম্পর্কে ইশরাক বলেন, ‘মার্শাল আর্টকে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিয়ে স্কুলপর্যায়ে নিয়ে যেতে চান তারা। এ জন্য বছরব্যাপী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতি সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিযোগিতার আয়োজন করা হবে। এসব প্রতিযোগিতা সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।’
তিনি জানালেন, ডব্লিউডব্লিউই রেসলিংয়ের মতো স্থানীয় পর্যায়ে মার্শাল আর্ট প্রতিযোগিতার একটি জনপ্রিয় ব্র্যান্ড তৈরি করতে চান তারা। এর মাধ্যমে নতুন প্রজন্ম ও স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে।
তৃতীয় লক্ষ্য হিসেবে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলছিলেন, ‘মার্শাল আর্টের প্রসারের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সামাজিকভাবে মাদক সমস্যার বিরুদ্ধে ভূমিকা রাখতে চায় কনফেডারেশন। আগামী প্রজন্মকে বিপদের হাত থেকে রক্ষায় খেলাধুলার সঙ্গে তাদের যুক্ত করা জরুরি।’
নতুন দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান ইশরাক হোসেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনে তারা সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।



