আ.লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে : সমমনা জোট

ছবি: আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তির মদদে বোমাবাজি, আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেটলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও লকডাউন ডেকে অগ্নিসংযোগ ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ মিছিল শেষে সভাপতির বক্তব্যে জোটের আহ্বায়ক এসব কথা বলেন।
তিনি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘পতিত আ'লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার প্রশ্নে দেশে যে জাতীয় ঐক্য রয়েছে, তাকে আরো সুদৃঢ় করতে হবে। শেখ হাসিনার দেশে ফিরে আসার আশায় তৃণমূলের কর্মীরা গিনিপিগের মতো ব্যবহৃত হচ্ছেন। পলাতক নেতাদের প্ররোচনায় নাশকতায় জড়িয়ে শেষ পর্যন্ত এসব কর্মীকেই গ্রেফতার হয়ে জেলের ভাত খেতে হবে। তাই অর্থের বিনিময়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ডে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস না করতে তৃণমূলের নেতাকর্মীদেরও সচেতন থাকতে হবে।’
বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যম শেষ হয়।





