নির্বাচনের পরবর্তী সহিংসতা নিয়ে যা বললেন নাহিদ

ফাইল ছবি
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ত্রয়োদশ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সারাদেশে প্রতিহিংসা, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি শুরু হয়েছে যা ভীষণ উদ্বেগজনক এবং গণতন্ত্রের জন্য সরাসরি হুমকিস্বরূপ। ক্ষমতার উল্লাসে তারা প্রতিদ্বন্দ্বী শক্তির ওপর হামলা চালিয়ে প্রমাণ করছে যে তাদের লক্ষ্য গণতান্ত্রিক সহাবস্থান নয় বরং ভয়ের পরিবেশ সৃষ্টি করা।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেন তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটসহ স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চলছে। বহু মানুষ আহত হয়েছেন, প্রাণহানির ঘটনাও ঘটেছে। এটি কোনো বিচ্ছিন্ন উচ্ছৃঙ্খলতা নয় এটি সংগঠিত শক্তিপ্রদর্শন এবং রাজনৈতিক আধিপত্য কায়েমের অপচেষ্টা।
নাহিদ বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই নির্বাচনের পর সন্ত্রাস চালিয়ে মাঠ দখলের রাজনীতি সফল হবে না। জনগণের ম্যান্ডেটকে ঢাল বানিয়ে যারা ভয়ের তৈরি করছে, তারা ইতিহাসের ভুল পাশে দাঁড়াচ্ছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দমন করে নয়, ন্যায়সংগত প্রতিযোগিতার মধ্য দিয়েই টিকে থাকে।
তিনি বলেন, প্রশাসনের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি অবিলম্বে সব সহিংসতা বন্ধ করে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গড়িমসি বা পক্ষপাত এই সংকটকে আরও গভীর করবে এবং রাষ্ট্রের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে।
তিনি আরও বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশের মানুষ এখন আর ভীত নয়। নতুন করে সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েমের চেষ্টা হলে ছাত্র-জনতা ও সচেতন নাগরিক সমাজ গণতান্ত্রিক উপায়ে তার কঠোর জবাব দেবে।



