আওয়ামী লীগ প্রশ্নে ‘নীরবতা ভাঙছে’ এনসিপি
- ২৩ নভেম্বর থেকে ৬৪ জেলা ও ১৩ মহানগরে ধারাবাহিক বিক্ষোভ
- ঐক্যের প্রশ্নে গণভোট বাস্তবায়নের শর্ত

গ্রাফিকস: আগামীর সময়
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সামনের সারিতে থাকার কথা। কিন্তু কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের নানা তৎপরতা, সহিংসতা ও নাশকতার অভিযোগ সামনে এলেও দলটির দৃশ্যমান রাজনৈতিক কর্মসূচি ছিল সীমিত।
এনসিপির নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটলেও প্রতিবাদ মিছিল, সংবাদ বিজ্ঞপ্তি ও বিবৃতির মধ্যেই অনেকটা সীমাবদ্ধ ছিল দলটির প্রতিক্রিয়া। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্নও উঠেছিল। এমন প্রেক্ষাপটে
বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে এনসিপির রাজনৈতিক পর্ষদ। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা মোকাবিলা, ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় ঐক্যের প্রশ্নে দলের অবস্থান নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ধারাবাহিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়ে দলটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যত রাজপথে নিজেদের সক্রিয় উপস্থিতি জানান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা এবং ১৩ মহানগরে ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। এ ছাড়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সঙ্গেও কর্মসূচি পালন করবে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা এই দল। এ ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বানেও সাড়া দিতে চায় দলটি। তবে সরকারের কাছে শর্ত থাকবে গণভোটের রায় বাস্তবায়ন।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান সারোয়ার তুষার আগামীর সময়কে বললেন, ‘পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি। দাবিগুলো হলো— সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গণভোটের রায় বাস্তবায়ন এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।’ তিনি আরও বলেছেন, ‘দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।’
দলীয় সূত্র বলছে, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকার সম্ভাব্য কর্মসূচিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে সামনের সারিতে রাখার পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সমাবেশ ও অবস্থান কর্মসূচিও যুক্ত হতে পারে। এসব কর্মসূচি থেকে আওয়ামী লীগকে শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, দল হিসেবে বিচারের মাধ্যমে নিষিদ্ধের দাবি জানাতে পারে এনসিপি।
ঐক্যের ডাক থাকলেও গণভোটে অনড় এনসিপি
আওয়ামী লীগের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রশ্নেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এনসিপি। দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের নীতিগত ঐক্য রয়েছে। বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো রাজনৈতিক দল এ বিষয়ে একসঙ্গে কর্মসূচির ডাক দিলে তাতে অংশ নেবে এনসিপি। তবে জাতীয় ঐক্যের আলোচনায় গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি বাদ দেওয়ার সুযোগ নেই।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বললেন, ‘আমরা মনে করি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য আছে। সেই ঐক্যটা শুধু সক্রিয় করা প্রয়োজন। ফ্যাসিবাদী দলের বিরুদ্ধে বিএনপি কিংবা অন্য কোনো দল যে-ই আমাদের ডাকুক না কেন, আমরা সঙ্গে থাকব। আওয়ামী লীগের প্রশ্নে আমরা এক। তবে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়াটাই আমাদের এই অনৈক্যের কারণ। এ বিষয়টি এড়িয়ে ঐক্যের প্রশ্ন আসবে না। সরকারকে আমরা এই আহ্বান জানাই।’ তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে জোটগত কর্মসূচির পাশাপাশি এনসিপির নিজস্ব কর্মসূচিও থাকবে।
দলটির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগের সাম্প্রতিক নৈরাজ্য সরকারের ব্যর্থতার ফল। সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখলে পরিস্থিতি এ পর্যায়ে যেত না। পুলিশ, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার পাশাপাশি জনগণের রায় অস্বীকার করার কারণেও সরকারের দুর্বলতা তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি।
এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে সমন্বয়ের আলোচনা সামনে এসেছে। গত বুধবার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অন্যদিকে ১১ দলীয় জোটও আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানিয়েছে।
এনসিপির জন্য এবারের কর্মসূচি শুধু আওয়ামী লীগবিরোধী আন্দোলনের ঘোষণা নয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান ও ভূমিকা আবার দৃশ্যমান করারও একটি উদ্যোগ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি হিসেবে আওয়ামী লীগের প্রশ্নে দলটির কাছ থেকে যে সক্রিয়তা প্রত্যাশিত ছিল, সাম্প্রতিককালে তার প্রতিফলন না থাকায় যে প্রশ্ন তৈরি হয়েছিল, নতুন কর্মসূচির মধ্য দিয়ে তারও জবাব দিতে চাইছে দলটি।



