আগামীর সময়

ছাত্রদল থেকে হামিমকে অব্যাহতি

ছাত্রদল থেকে হামিমকে অব্যাহতি

সংগৃহীত ছবি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসুর সাবেক জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

বুধবার (৪ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলেমর সই করা  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রদল। তিনি এর জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক ফেসবুক পোস্টে হামিম লেখেন, ষষ্ঠ শ্রেণি (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনো পদ না থাকলেও তিনি ছাত্রদলের রাজনীতি করেছেন।

তিনি আরও লেখেন, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে আমাকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এই দলের একজন কর্মী এই পরিচয়ই আমার জন্য গর্বের।

এদিকে একই অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    শেয়ার করুন: