বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। ছবি : সংগৃহীত
নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর।
এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বগুড়ায় পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
দীর্ঘ দুই দশক পর সোমবার পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হওয়ার পর এটিই হবে তার প্রথম নিজ জেলা সফর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণায় বগুড়ায় গেলেও ব্যস্ততার কারণে তখন পৈতৃক ভিটা বাগবাড়িতে যেতে পারেননি তারেক রহমান। এর আগে, ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় পৈতৃক ভিটায় গিয়েছিলেন তিনি। সেখানে আবার ২০ বছর পর যাচ্ছেন প্রধানমন্ত্রী হয়ে।
সফরকালে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও থাকবে আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি।

