সম্পাদকীয়
পারমাণবিক মাইলফলক

গ্রাফিকস: আগামীর সময়
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। দীর্ঘদিনের পরিকল্পনা, বিপুল বিনিয়োগ, প্রযুক্তিগত দক্ষতা, প্রকৌশলীদের শ্রম এবং অসংখ্য মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিয়েছে রূপপুর— গতকাল বৃহস্পতিবারের গণমাধ্যমে এ খবর নিঃসন্দেহে দেশবাসীর জন্য আশাব্যঞ্জক। এটি শুধু একটি প্রকল্পের পরীক্ষামূলক অগ্রগতির খবর নয়, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার বার্তাও।
একটি সময় ছিল, যখন বিদ্যুতের অভাবে দেশের শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হতো, কৃষকের সেচকাজ বাধাগ্রস্ত হতো, শিক্ষার্থীদের লেখাপড়ায় ঘটত বিঘ্ন, ব্যবসা-বাণিজ্যেও তৈরি হতো অনিশ্চয়তা। বিদ্যুৎ সংকটের সেই অভিজ্ঞতা আমাদের বুঝিয়েছে, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের জীবনমান উন্নয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কতটা গুরুত্বপূর্ণ ও জরুরি। সেই বাস্তবতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের সাফল্য আমাদের আশাবাদী করে।
রূপপুরের এই অগ্রগতি দেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিদ্যুৎ সরবরাহের পরীক্ষায় প্রায় ২ কোটি টাকার বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি উঠে এসেছে। প্রথম দফার এই পরীক্ষা সফল হওয়া নিঃসন্দেহে প্রকল্পসংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং কারিগরি বিশেষজ্ঞদের জন্য বড় প্রাপ্তি। দীর্ঘ প্রস্তুতি ও অপেক্ষার পর এমন একটি অর্জন আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশও চাইলে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জগতে গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করতে পারে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুধু একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নয়; এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা, অর্থনৈতিক আকাঙ্ক্ষা এবং উন্নত রাষ্ট্র হওয়ার স্বপ্নের প্রতীক। বিশ্বে যেসব দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ার এই প্রচেষ্টা আমাদের জাতীয় অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়।
দেশের অর্থনীতি ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বাড়ছে শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, কলকারখানা, নগরায়ণ এবং মানুষের বিদ্যুতের চাহিদা। অর্থনৈতিক উন্নয়নের এই ধারাকে সচল রাখতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। শুধু গ্যাস, কয়লা কিংবা আমদানিনির্ভর জ্বালানির ওপর ভরসা করে দীর্ঘমেয়াদে বিদ্যুতের চাহিদা পূরণ করা কঠিন। রূপপুর প্রকল্প এই নিরাপত্তা নিশ্চিত করবে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে নিয়মিত বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় নতুন একটি শক্তিশালী উৎস যুক্ত হবে। এতে জ্বালানির উৎস বহুমুখী হবে এবং আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমানোর সুযোগ সৃষ্টি হবে।
বিশেষ করে শিল্প খাতের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরি। রূপপুরের পূর্ণাঙ্গ উৎপাদন সক্ষমতা জাতীয় গ্রিডে যুক্ত হলে এই সংকট মোকাবিলায় সহায়ক হবে। একটি বিষয় বিশেষভাবে উপলব্ধি করা প্রয়োজন। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কোনো সাধারণ প্রযুক্তিগত কাজ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে উচ্চতর বিজ্ঞান, জটিল প্রকৌশল, উন্নত নিরাপত্তাব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদ। এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ প্রযুক্তিগত সক্ষমতা বিকাশে আরেক ধাপ এগিয়ে গেল।
আমাদের প্রত্যাশা, রূপপুর প্রকল্পকে কেন্দ্র করে দেশে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার আরও বিস্তার ঘটুক। বিশ্ববিদ্যালয়গুলোতে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা বাড়ুক। বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা যেন ধীরে ধীরে বাংলাদেশের নিজস্ব জনবলের দক্ষতায় রূপান্তরিত হয়। রূপপুরের সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার বার্তা। আগামী প্রজন্মকে জানাতে হবে, বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী একটি দেশ হয়ে থাকতে চায় না; বরং বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা অর্জনেও এগিয়ে যেতে চায়।
সাড়ে আট ঘণ্টার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের এই সাফল্যকে শুধু তাৎক্ষণিক অর্জন হিসেবে দেখলে চলবে না। এটি হতে হবে আরও বড় সাফল্যের সূচনা। সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক।



