ইউনূস সরকারের সিদ্ধান্তের জের টানছে বিএনপি

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আমার কাছে অনেকটা রাজনৈতিক গৃহযুদ্ধের মতো মনে হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দলটির কর্মী, সমর্থক, সহানুভূতিশীল মানুষ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ভিত্তি রয়েছে। ফলে দলটি থাকবে, তার রাজনৈতিক তৎপরতা চালানোর চেষ্টা করবে। এই বাস্তবতাকে অস্বীকার করে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।
একটি রাজনৈতিক দল শুধু তার সাংগঠনিক কমিটি বা কার্যালয়ের নাম নয়। দল একটি রাজনৈতিক ধারণা, একটি মতাদর্শ, একটি সামাজিক ও রাজনৈতিক অবস্থান। তাকে মোকাবিলা করতে হলে পাল্টা রাজনীতি দরকার। আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি করা হয়নি। কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি ছিল নির্বাহী সিদ্ধান্ত। কিন্তু নির্বাহী সিদ্ধান্ত দিয়ে রাজনৈতিক বাস্তবতা বদলানো যায় না। যতদিন তাদের শক্তি ও সমর্থনের ভিত্তি থাকবে, ততদিন তারা নিজেদের মতো করে রাজনীতিতে ফেরার চেষ্টা করবে।
এখানে জামায়াতে ইসলামীর উদাহরণ দেওয়া যায়। পাকিস্তান আমলে এবং বাংলাদেশে বিভিন্ন সময়ে দলটি নিষিদ্ধ হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে তারা আবার রাজনীতিতে ফিরে এসেছে। জামায়াত তো ফেরেশতাদের দল নয়। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে। এত কিছুর পরও তারা রাজনীতিতে টিকে আছে। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার সিদ্ধান্তের পক্ষে রাজনৈতিকভাবে কী যুক্তি দাঁড় করানো হবে? এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা তো রাজনীতি ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে না। একটি নদীতে পানির স্রোত প্রবল থাকলে বাঁধ দিয়ে সাময়িকভাবে আটকে রাখা যায়; কিন্তু স্রোতকে পুরোপুরি বন্ধ করা যায় না। একসময় বাঁধ ভেঙে পানি অন্যদিকে প্রবাহিত হয়। রাজনৈতিক দল ও সমর্থনের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা সেরকম।
তবে আওয়ামী লীগের ফিরে আসার প্রশ্নে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি পাশ কাটানোরও সুযোগ নেই। আমাদের একটি প্রবণতা হলো, আমরা নিকটবর্তী ঘটনা মনে রাখি, দূরবর্তী ঘটনা ভুলে যাই। যারা ১৯৭১ সাল দেখেনি, তাদের কাছে ২০২৪ সালের অভিজ্ঞতা অত্যন্ত বড় ঘটনা। কিন্তু যারা ১৯৭১ এবং ২০২৪— দুটিই দেখেছে, তারা ইতিহাসের তুলনা করবে। এই দেশে গণহত্যায় সহযোগিতাকারী অনেকেই বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে পার পেয়ে গেছে। সেই ইতিহাসও আমাদের মনে রাখতে হবে।
একটি রাজনৈতিক দলকে মোকাবিলা করার দায়িত্ব রাজনীতির, নির্বাহী আদেশের নয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সীমাবদ্ধতা ছিল, তারা আওয়ামী লীগের প্রশ্নটিকে রাজনৈতিকভাবে বুঝতে ও মোকাবিলা করতে পারেনি। রাজনৈতিকভাবে মোকাবিলার সক্ষমতা বা ইচ্ছা— কোনোটিই তাদের ছিল না। ফলে তারা নির্বাহী আদেশে সমস্যাটির একটি প্রশাসনিক সমাধান খুঁজেছে। কিন্তু এর মধ্য দিয়ে একটি মৌলিক রাজনৈতিক অধিকারও খর্ব হয়েছে। একটি দলকে জনগণ গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার কথা জনগণের। নির্বাচনে ভোট দিয়ে জনগণ একটি দলকে প্রত্যাখ্যান করতে পারে, তাদের শাস্তি দিতে পারে। কিন্তু কোনো দলকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত সরকার নিজেই নিয়ে নিলে জনগণের সেই অধিকার আর থাকে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে কত আসন পেত, কত ভোট পেত— এ নিয়ে এখন নানা অনুমান করা হচ্ছে। কেউ বলছেন ২০টি আসন পেত, কেউ বলছেন আরও বেশি বা কম। কিন্তু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে এসব অনুমানের কোনো ভিত্তি নেই। জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দিয়ে সরকার যখন নিজেরাই একটি দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, তখন সেটি গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি বড় প্রশ্ন তৈরি করে। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের রাজনৈতিক পরিণতি এখন বিএনপি সরকারকেও সামলাতে হচ্ছে।
বর্তমান সহিংসতার ঘটনাগুলোও এই বৃহত্তর রাজনৈতিক সংকটের অংশ। আমাদের রাজনীতির দীর্ঘদিনের বৈশিষ্ট্য হলো, রাজনীতি করতে গেলে রাজপথে শক্তি দেখাতে হবে। হরতাল করতে হলে গাড়ি পোড়াতে হবে, দোকানপাট ভাঙচুর করতে হবে— ছাত্রজীবন থেকেই এসব দেখে আসছি। এগুলোকে আন্দোলনের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। এখন এক পক্ষ আরেক পক্ষকে সন্ত্রাসী বলছে। সন্ত্রাসের সংজ্ঞাও এখানে অনেকটা পক্ষনির্ভর। এক পক্ষের কাছে যা আন্দোলন, অন্য পক্ষের কাছে তা সন্ত্রাস।
রাষ্ট্রের কাজের প্রসঙ্গেও বিষয়টি বুঝতে হবে। রাষ্ট্র তো বলপ্রয়োগের জন্যই তার বিভিন্ন প্রতিষ্ঠান ও বাহিনী গড়ে তোলে। রাষ্ট্রের সক্ষমতা থাকলে আইন প্রয়োগ ও বলপ্রয়োগের দায়িত্বও তাকে পালন করতে হবে। কিন্তু রাষ্ট্রের বলপ্রয়োগের একটি আইনি ও রাজনৈতিক সীমা রয়েছে। বলপ্রয়োগের ক্ষমতা থাকা আর নির্বিচারে বলপ্রয়োগ করা এক বিষয় নয়।
আমাদের এখানে মূল সমস্যা সুশাসনের অভাব। স্বাধীনতার পরও আমরা দেখেছি, বিপুল জনসমর্থন বা সংসদে বিশাল সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সরকার ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে না। আওয়ামী লীগ একসময় সংসদে ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসন পেয়েছিল। বিরোধী দলে ছিলেন মাত্র সাতজন। তারপরও তারা রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে পারেনি। একপর্যায়ে একদলীয় শাসনব্যবস্থার দিকে গিয়েছিল। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই রাজনৈতিক সংকটের সমাধান হয় না। সুশাসন, রাজনৈতিক সহনশীলতা ও কার্যকর প্রতিষ্ঠান না থাকলে অস্থিরতা থেকেই যায়।
জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দিয়ে সরকার যখন নিজেরাই একটি দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, তখন সেটি গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি বড় প্রশ্ন তৈরি করে। অন্তর্বর্তী সরকারের সেই সিদ্ধান্তের রাজনৈতিক পরিণতি এখন বিএনপি সরকারকেও সামলাতে হচ্ছে
আমাদের রাজনৈতিক দলগুলোর আরেকটি অভ্যাস হলো, সংসদীয় রাজনীতির পথ ছেড়ে কথায় কথায় রাজপথে চলে আসা। সব দলই কোনো না কোনো সময়ে বলেছে, রাজপথেই সমস্যার মীমাংসা হবে। এখনো সেই প্রবণতা দেখা যাচ্ছে। কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় দলীয় কর্মীদের মাঠে নামানো— এসবের মধ্য দিয়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বও কার্যত দলীয় শক্তির ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। হাসিনার আমলে আমরা দেখেছি, ক্ষমতাসীন দলের লোকজন বিরোধীদের কর্মসূচির ওপর হামলা করছে। এখনো সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটেনি। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পরও রাষ্ট্রের চরিত্র এবং রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আসেনি।
২০২৪ সালের অভ্যুত্থানের পর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। মানুষ দৃশ্যমান পরিবর্তন কতটা দেখেছে, সেটি বড় প্রশ্ন। এই প্রশ্নের রাজনৈতিক মীমাংসা দরকার। সেই মীমাংসা না হলে হতাশা বাড়বে। হতাশা থেকে নতুন অস্থিরতার জন্ম হতে পারে। আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের একটি বড় ব্যর্থতা ছিল বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বাহিনী দিয়ে সমস্যাটির সমাধান করার চেষ্টা হয়েছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করার সক্ষমতা বা ইচ্ছা— কোনোটিই তখন দেখা যায়নি। এখন বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে সেই সমস্যাই পেয়েছে। তারা এখন বুঝতে পারছে, আগের সিদ্ধান্তগুলোর রাজনৈতিক পরিণতি কতটা জটিল।
এখানে সরকারের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা হলো, অতীতের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। শেখ হাসিনার সরকার যে ভুল করেছিল, অর্থাৎ রাজনৈতিক সংকট মোকাবিলায় অতিরিক্ত বলপ্রয়োগ এবং গুলি চালানোর পথ বেছে নিয়েছিল, সেই পথে বর্তমান সরকারও গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক আন্দোলনের সময় আমরা দেখেছি, পুলিশ ঢাল নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে, পুলিশ লাঠিপেটাও করেছে। কিন্তু নির্বিচারে গুলি চালানোর ঘটনা সেখানে আন্দোলন মোকাবিলার সাধারণ পদ্ধতি হয়ে ওঠেনি। বলপ্রয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রের দায়িত্ব ও সীমা আছে। গুলি দিয়ে রাজনৈতিক সমস্যা সমাধান করা যায় না।
আমাদের দেশে উসকানিদাতার অভাব নেই। উসকানি দিতে কোনো পয়সা খরচ হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ডের মাধ্যমে নানা ধরনের উসকানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে। মানুষের একটি বড় অংশ সংবাদপত্র পড়ে না; ফটোকার্ডের ওপর নির্ভর করে। ফলে যাচাই না করা তথ্য ও উত্তেজক বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ জরুরি।
আওয়ামী লীগের রাজনৈতিক শক্তির পেছনে দেশের বাইরের সমর্থন ও অর্থের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। ভারত চাইলে বাংলাদেশকে অস্থির রাখার সক্ষমতা রাখে— এমন একটি বাস্তবতা আমাদের রাজনৈতিক বিশ্লেষণে বিবেচনায় নেওয়া প্রয়োজন। আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার অর্থায়ন ও প্রেরণার উৎস নিয়েও অনুসন্ধান দরকার। শুধু গা গরম করা স্লোগান দিয়ে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না।
বাংলাদেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় তাই দলগুলোর মধ্যে একটি সমঝোতা ও সম্মিলিত কৌশল প্রয়োজন। প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দলগুলোকে বসে ঠিক করতে হবে, এই পরিস্থিতি রাজনৈতিকভাবে কীভাবে মোকাবিলা করা যায়। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের, আর রাজনৈতিক বিরোধের মীমাংসা রাজনৈতিক প্রক্রিয়ায় হওয়া উচিত। দলীয় কর্মীদের দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করতে গেলে রাষ্ট্র আরও দুর্বল হবে।
আমাদের ইতিহাসে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের কথাও মনে রাখা দরকার। এরশাদের পতন শুধু রাজপথের আন্দোলনের ফল ছিল না; একপর্যায়ে সেনাবাহিনী তার কাছ থেকে সমর্থন প্রত্যাহার করেছিল। এর আগে ১৯৮৩ সাল থেকে আন্দোলন হয়েছে; কিন্তু সেগুলো দমন করা হয়েছিল। সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহারের পর এরশাদের ক্ষমতা টেকেনি। ২০২৪ সালের ঘটনাপ্রবাহ বুঝতেও সেনাবাহিনীর ভূমিকা, তৎকালীন ক্ষমতার পরিবর্তন এবং পর্দার আড়ালের ঘটনাগুলো নিয়ে আরও অনুসন্ধান প্রয়োজন। চোখের সামনে যা দেখা যায়, একটি রাজনৈতিক ঘটনার সম্পূর্ণ বাস্তবতা সবসময় তা-ই নয়।
সবশেষে আমাদের মনে রাখতে হবে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আর রাজনৈতিক সংকটের সমাধান করা এক জিনিস নয়। আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরবে, তাদের অতীতের দায় কীভাবে নির্ধারিত হবে, জনগণের কাছে তাদের জবাবদিহি কীভাবে নিশ্চিত হবে— এসব প্রশ্নের রাজনৈতিক উত্তর দরকার। একই সঙ্গে রাষ্ট্রকে তার আইনগত দায়িত্ব পালন করতে হবে, কিন্তু নির্বিচার বলপ্রয়োগের সুযোগ নেই। বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান শক্তির পাল্টাপাল্টি প্রদর্শনীতে নয়; দরকার রাজনৈতিক প্রজ্ঞা, সুশাসন এবং জনগণের সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে স্বীকার করা।
লেখক: গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক




