কুয়েতে উৎসবমুখর পরিবেশে চলছে ৪৯তম আন্তর্জাতিক বইমেলা

দেশ-বিদেশের প্রকাশক, লেখক, সাহিত্যিক, গবেষক ও বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা।
বুধবার (১৮ নভেম্বর)কুয়েতের মিশরেফ এলাকার কুয়েত আন্তর্জাতিক ফেয়ারগ্রাউন্ডের ৫, ৬ ও ৭ নম্বর হলে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর প্রতিনিধি হিসেবে মেলার উদ্বোধন করেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ওমর আল-ওমর।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের সংস্কৃতিমন্ত্রী শেখ আবদুলরহমান বিন হামাদ আল-থানি।
ন্যাশনাল কাউন্সিল ফর কালচার, আর্টস অ্যান্ড লেটার্সের আয়োজনে এবারের বইমেলায় ৩৪টি দেশের ৫৯২টি প্রকাশনা সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় শিশুদের জন্য রয়েছে ৪২ হাজারের বেশি বই। পাশাপাশি ২০২৬ সালে প্রকাশিত ২২ হাজারেরও বেশি নতুন বইসহ সব মিলিয়ে ২ লাখ ৪৮ হাজারের বেশি শিরোনামের বই প্রদর্শিত হচ্ছে।
নতুন বইয়ের সন্ধান, জ্ঞানচর্চা এবং আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে প্রতিদিনই মেলায় ভিড় করছেন বিভিন্ন বয়সী পাঠক ও দর্শনার্থীরা।
এবারের বইমেলায় উপসাগরীয় দেশ কাতারকে ‘সম্মানিত অতিথি দেশ’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্য দিয়ে কুয়েত ও কাতারের ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকরা
এ ছাড়া কুয়েতের সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিন্তাবিদ ড. খলিফা আল-ওয়াকায়ানকে এবারের বইমেলার ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে মনোনীত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ওমর আল-ওমর বলেন, কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনা দেশের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্ব ও অঙ্গীকারের প্রতিফলন। রাষ্ট্রীয় নেতৃত্বের এই সহযোগিতা কুয়েতের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সাহিত্য ও সংস্কৃতির পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের যুগেও বইয়ের আবেদন ও গুরুত্ব অপরিসীম। একটি সৃজনশীল, জ্ঞানভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গঠনে সাহিত্য, সংস্কৃতি এবং বইপড়ার অভ্যাসের বিকল্প নেই।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। কারণ বই মানুষের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটায় এবং একটি আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সব মিলিয়ে ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন নয়, বরং দেশ-বিদেশের সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান ও সৃজনশীলতার এক আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
নতুন প্রজন্মের পাঠক তৈরি, প্রকাশনা শিল্পের বিকাশ এবং বিভিন্ন দেশের সাংস্কৃতিক বন্ধন জোরদারে এবারের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।



