টেক্সাসে নিখোঁজের ৪ দিন পর মিললো বাংলাদেশি উবার চালকের মরদেহ

টেক্সাসে বাংলাদেশি উবার ড্রাইভার আলী আহমদের মৃতদেহ পাওয়া গেল নিখোঁজের ৪ দিন পর। তিনি আরভিং সিটিতে বসবাস করতেন। ২০১৭ সালে উন্নত জীবনের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। নিহত আলী আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া ত্রিমুখী এলাকার বাসিন্দা মরহুম আছার উদ্দিনের কনিষ্ঠ পুত্র এবং আব্দুর রহিম ও ইসলাম উদ্দিনের ছোট ভাই। তবে তাদের আদি নিবাস বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাড়ির ভেতরেই স্ট্রোক করে মারা যান তিনি। বৃহস্পতিবার পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিউইয়র্কে বসবাসরত আলী আহমেদের পারিবারিক বন্ধু ও জালালাবাদ এসোসিয়েশনের প্রচার সম্পাদক ফয়সল চৌধুরী আগামীর প্রতিবেদককে বলেন, মরহুমের পরিবার লাশ গ্রহন করেছে। আজই তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ ও দুপুরের খাবার শেষে কর্মস্থল উবার চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন আলী আহমদ। তবে প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন শনিবার সকাল পর্যন্ত পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সম্ভাব্য সকল আত্মীয়—স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার পুলিশ তার ব্যবহৃত নিজস্ব গাড়ি থেকেই আলী আহমদের মরদেহ উদ্ধার করে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য আত্মীয়—স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আলী আহমদের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে টেক্সাসসহ গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজারবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



