ইরানের পক্ষে পোস্ট দেওয়ায় বাহরাইনে গ্রেপ্তার বাংলাদেশি

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে ইরানের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। গতকাল সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাহরাইন নিউজ এজেন্সি’ (বিএএ) এ তথ্য জানায়।
গ্রেপ্তার ছয়জনের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ ইসরাফিল মীর এবং বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক। বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীন অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট এ অভিযান পরিচালনা করে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের সপক্ষে ভিডিও ধারণ, প্রকাশ ও পুনরায় শেয়ার করার অভিযোগে তাদের শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এসব ভিডিওতে তারা শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা দেশের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।
দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নাগরিকদের আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।






