কুয়েতে একের পর এক উচ্ছেদ অভিযান, আবাসন সংকটে দিশেহারা প্রবাসীরা
- দুই দিনের অভিযানে ১ হাজার ৩৪০টি ব্যবস্থা
- হাসাবিয়ার পর এবার খাইতানে ২১৯ ভবনের বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন

ছবি: আগামীর সময়
কুয়েতে আবাসনসংক্রান্ত আইন লঙ্ঘন, অবৈধ স্থাপনা ও ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে সরকারের কঠোর অভিযান নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রবাসীদের মধ্যে। বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-শুয়ুখ, হাসাবি ও আব্বাসিয়া এলাকায় উচ্ছেদ অভিযানের পর এবার প্রশাসনের কঠোর নজরদারিতে এসেছে খাইতান।
মাত্র দুই দিনের অভিযানে ২১৯টি ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একের পর এক এলাকায় এমন পদক্ষেপে কর্মসংস্থানের পাশাপাশি মাথা গোঁজার নিরাপদ জায়গা নিয়েও অনিশ্চয়তায় পড়ছেন স্বল্প আয়ের প্রবাসী শ্রমিকরা।
গত বুধবার(২৫ নভেম্বর) কুয়েতের খাইতান আবাসিক এলাকায় পরিচালিত যৌথ অভিযানে ২১৯টি ভবনকে নিয়মবহির্ভূত আবাসন হিসেবে চিহ্নিত করা হয়। দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের বরাতে স্থানীয় দৈনিক আল-জারিদা জানায়, আবাসিক এলাকার এসব ভবনে অবিবাহিত পুরুষদের আবাসনের ব্যবস্থা করা হয়েছিল। অভিযানের সময় চিহ্নিত সব ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
খাইতানে শুধু আবাসনসংক্রান্ত অনিয়ম নয়, সরকারি জমি দখল, অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণ, রাস্তা দখল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার ও বুধবার দুই দিনের এই যৌথ অভিযানে মোট ১ হাজার ৩৪০টি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন। তিনি জানান, সরকারি সম্পত্তি রক্ষা, আবাসিক এলাকার পরিবেশ বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই এসব অভিযানের মূল লক্ষ্য। কোনো ধরনের অবৈধ দখল কিংবা নিয়মবহির্ভূত স্থাপনার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
খাইতানের এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি অংশ নেয় কুয়েত মিউনিসিপ্যালিটি, কুয়েত ফায়ার ফোর্স, বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশন এবং পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার।
প্রতিটি সংস্থা নিজ নিজ দায়িত্ব অনুযায়ী ভবনের বৈধতা, অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্যবিধি, খাদ্যপণ্যের মান, শ্রম আইন এবং সরকারি জমি ব্যবহারের বিষয়গুলো পরিদর্শন করে। অভিযানে আবাসিক ভবনের পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁ, ক্যাফে ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনিয়মও চিহ্নিত করা হয়। রাস্তা দখল এবং অনুমোদিত সীমানার বাইরে ভবন সম্প্রসারণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ জুলাই জিলিব আল-শুয়ুখ, হাসাবি ও আব্বাসিয়া এলাকায় শুরু হওয়া বড় ধরনের অভিযানে চরম আবাসন সংকটে পড়েন বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী। বিশেষ করে হাসাবি ও আব্বাসিয়া এলাকায় বাংলাদেশিদের বসবাসের ঘনত্ব বেশি হওয়ায় অভিযানের প্রভাব পড়ে তাদের ওপর ব্যাপকভাবে। বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন এবং ভবন খালি করার নির্দেশের পর অনেকেই রাতারাতি বাসস্থান হারান।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, বিকল্প বাসা খুঁজে না পেয়ে অনেক বাংলাদেশি ও অন্যান্য দেশের শ্রমিককে রাস্তায়, ভবনের বাইরে এবং খোলা আকাশের নিচে রাত কাটাতে দেখা যায়। প্রচণ্ড গরমে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও অনেকে প্রয়োজনীয় আশ্রয় ছাড়াই দিন-রাত পার করতে বাধ্য হন। কারও কারও সঙ্গে ছিল সামান্য ব্যক্তিগত জিনিসপত্র, কিন্তু থাকার মতো নির্দিষ্ট কোনো জায়গা ছিল না।
জিলিব ও হাসাবির অভিজ্ঞতার পর খাইতানে নতুন করে ২১৯টি ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রবাসীদের মধ্যে একই ধরনের পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যেসব ভবনে স্বল্প আয়ের শ্রমিকরা ভাগাভাগি করে কক্ষ ভাড়া নিয়ে থাকেন, সেসব ভবন অভিযানের আওতায় এলে তারা কোথায় যাবেন, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
কুয়েতে কর্মস্থলের কাছাকাছি এবং তুলনামূলক কম ভাড়ায় থাকার সুবিধার কারণে খাইতানেও বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের বসবাস রয়েছে। ফলে আবাসনসংক্রান্ত বিধিনিষেধের আওতায় ভবন খালি করা কিংবা পরিষেবা বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় প্রভাব ফেলতে পারে। তবে খাইতানে ইতোমধ্যে জিলিব বা হাসাবির মতো ব্যাপকসংখ্যক মানুষ রাস্তায় আশ্রয় না নিলেও থাকার জায়গা হারিয়ে দিক বেদিক ছুটাছুটি করতে দেখা যায়।
কুয়েত সরকার আবাসিক এলাকার নির্ধারিত ব্যবহার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করে আসছে। বিশেষ করে পরিবার বসবাসের জন্য নির্ধারিত আবাসিক এলাকায় অবিবাহিত শ্রমিকদের আবাসন, অতিরিক্তসংখ্যক মানুষকে একটি ভবনে রাখা, অনুমোদন ছাড়া ভবন সম্প্রসারণ এবং অগ্নিনিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন।
কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এসব পদক্ষেপের উদ্দেশ্য শুধু উচ্ছেদ নয়, বরং ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসের কারণে প্রাণহানি, অগ্নিকাণ্ড, জনস্বাস্থ্য বিপর্যয় এবং আবাসিক পরিবেশের অবনতি ঠেকানো। ভবন মালিক ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ জানিয়েছেন, জিলিব আল-শুয়ুখ থেকে শুরু হওয়া ধারাবাহিক মাঠপর্যায়ের অভিযান খাইতানের পর কুয়েতের সব গভর্নরেটে সম্প্রসারণ করা হবে। সরকারি সম্পত্তি দখল, অবৈধ স্থাপনা এবং আবাসন ও নিরাপত্তাসংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে।আইন সবার জন্য সমানভাবে কার্যকর হবে এবং কোনো অপরাধ বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।
এখন কুয়েতে প্রবাসীদের আবাসন সংকট সমাধান বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে।কুয়েতে আইন প্রয়োগ ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উচ্ছেদ বা ভবন খালি করার কারণে বাস্তুচ্যুত শ্রমিকদের আবাসন সমস্যাটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্বল্প আয়ের বাংলাদেশি শ্রমিকদের পক্ষে হঠাৎ করে নতুন বাসা ভাড়া নেওয়া কিংবা বাড়তি অগ্রিম অর্থ পরিশোধ করা অনেক ক্ষেত্রেই কঠিন।
আবাসন সংকটে পড়া একাধিক প্রবাসী জানান,জিলিব ও হাসাবির অভিজ্ঞতার পুনরাবৃত্তি যেন খাইতান কিংবা অন্য কোনো প্রবাসী অধ্যুষিত এলাকায় না ঘটে, সে জন্য ভবন মালিকদের পাশাপাশি ভাড়াটিয়াদের আগাম অবহিত করা এবং বিকল্প আবাসনের বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। কারণ, নিরাপদ আবাসন নিশ্চিত করা যেমন সরকারের আইন প্রয়োগের অংশ, তেমনি কর্মজীবী প্রবাসীদের মানবিক পরিস্থিতিও উপেক্ষা করার সুযোগ নেই।



