১৩২ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

ফেনসিডিলসহ গ্রেপ্তার মো. ইমরান খান। ছবি: সংগৃহীত
চালের বস্তার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে ফেনসিডিল পরিবহনের সময় ১৩২ বোতল ফেনসিডিলসহ মো. ইমরান খান (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ রবিবার ভোরে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ১০ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত মিরপুর হাজী আহসান উল্লাহ কমপ্লেক্সের ২৫৭/ক নম্বর হোটেল তুরাগ আবাসিক ভবনের পূর্ব পাশের সড়কে অভিযান চালানো হয়।
এ সময় এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসটির একটি চালের বস্তার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪৫ কেজি চাল, একটি বাসের টিকিট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইমরান খান যশোরের মনিরামপুরের লাউড়ি এলাকার মৃত মোবাচ্ছের হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার গুলশান এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোর (দক্ষিণ) উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, মাদক পরিবহনের কৌশল আড়াল করতেই চালের বস্তার মধ্যে ফেনসিডিলগুলো রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ইমরান খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ১৪(গ) ধারায় দারুস সালাম থানায় মামলা করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, মাদকের অবৈধ পরিবহন, সরবরাহ ও বিস্তার রোধে অভিযান অব্যাহত রয়েছে।



