বুধবার ঝরেছে ৪৩ মিলিমিটার, ঢাকায় আজও বৃষ্টির আভাস

ছবি: ফোকাস বাংলা
রাজধানী ঢাকায় গতকাল বুধবার ৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবারও ঢাকায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এদিন হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস এবং ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ দিনের তাপমাত্রা কমতে পারে কিছুটা।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার।
গতকাল বুধবার সকাল থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে উল্লেখ করা হয় পূর্বাভাসে।




