দুপুরের মধ্যে ঝড় হতে পারে দেশের পাঁচ অঞ্চলে

প্রতীকী ছবি
দুপুরের মধ্যে দেশের পাঁচটি অঞ্চলে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে রাজধানী ঢাকার আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ রাজধানীতে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



