সমাজকল্যাণমন্ত্রী
শিশুদের সহিংসতা থেকে সুরক্ষায় ৭ বিষয়ে অগ্রাধিকার সরকারের

সংগৃহীত ছবি
প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সুশাসন ও অর্থায়ন জোরদার, আইন সংস্কার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাসহ সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার।
আজ বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ শীর্ষক সম্মেলনের প্লেজিং সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন করেন মন্ত্রী।
তিনি জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এ অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে। এতে শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা নির্মূলে সাতটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।
অগ্রাধিকার ক্ষেত্রগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, প্রথমত, শক্তিশালী শিশু সুরক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সুশাসন, সমন্বয় ও অর্থায়ন জোরদার করা হবে।
দ্বিতীয়ত, সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে শিশুদের সুরক্ষায় শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারসহ প্রচলিত আইন ও নীতিমালা আরও শক্তিশালী করা হবে।
তৃতীয়ত, জাতীয় পর্যায়ে ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি চালু এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ (Learning with Happiness) রূপকল্প বাস্তবায়ন এগিয়ে নেওয়া হবে।
চতুর্থত, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা ও সমাজসেবা খাতে জনবল বাড়িয়ে শিশু সুরক্ষা এবং সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।
পঞ্চমত, অনলাইন সহিংসতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতি ও ডিজিটাল পরিসরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ষষ্ঠত, অগ্রগতি ও ফলাফল পর্যবেক্ষণে শিশু সুরক্ষাবিষয়ক তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ এবং জবাবদিহির কাঠামো শক্তিশালী করা হবে।
সপ্তমত, শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে— এমন সব নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
বক্তব্যে মন্ত্রী বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকবে এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত থাকবে।



