ভূমিমন্ত্রী
ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, যারা ভালো কাজ করছেন, তাদের উৎসাহিত করা হচ্ছে। অন্যায় ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল রবিবার রাজধানীর পুরানা পল্টন ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
ভূমিমন্ত্রী বললেন, সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় ভূমি-সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারক করা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন জায়গা থেকে ভূমি নিয়ে বিরোধের অভিযোগ আসে।
ভাইয়ে-ভাইয়ে, ভাই-বোনে কিংবা পরিবারের সদস্যদের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের সমস্যা। এসব সমস্যা সমাধানে ভূমি ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করা প্রয়োজন। জমির মালিকানা, হস্তান্তর এবং ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ভবিষ্যতে এ বিষয়ে আইনি উদ্যোগের মাধ্যমেও অনিয়ম বন্ধ করার পরিকল্পনা রয়েছে। সারা দেশে ভূমি ব্যবস্থাপনায় দক্ষ জনবল নিয়োগের উদ্যোগও নেওয়া হবে।
মিনুর ভাষ্য, ‘দেশের সব নাগরিকের সম্মান সবার আগে। মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় সেবাগুলো চালুর মাধ্যমে নাগরিকদের আস্থা অর্জনের চেষ্টা করা হচ্ছে। সেবার মান যাচাই করতে আমি ও ভূমি প্রতিমন্ত্রী নিজেরাই বিভিন্ন সময়ে ফোন করে সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করছি।’



