‘ল্যান্ড ব্যাংক’ তৈরি করবে সরকার : গণপূর্তমন্ত্রী

সংগৃহীত ছবি
দরিদ্র মানুষদের আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে একটি ‘ল্যান্ড ব্যাংক’ বা ভূমি ভাণ্ডার তৈরি করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
তিনি বলেছেন, সরকার সারা দেশে নগর কেন্দ্রগুলো গড়ে তোলার জন্য ১০ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে একটি ‘ল্যান্ড ব্যাংক’ বা ভূমি ভাণ্ডার তৈরি করা হবে, যেখানে সরকারি সব জমি চিহ্নিত করে তালিকাভুক্ত থাকবে। এর ফলে যাদের আবাসনের প্রয়োজন, তাদের জন্য সরকার সেখানে আবাসন নির্মাণ করতে পারবে।
আজ বৃহস্পতিবার ‘অন্তর্ভুক্তিমূলক নগর আবাসনকে এগিয়ে নেওয়া : বাস্তবায়নের অগ্রাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘নিউ এজ’ এবং ‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নিম্ন আয়ের মানুষের জন্য ১ লাখ আবাসন ইউনিট তৈরির বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, ঝিলমিল, উত্তরা ও পূর্বাচলে রাজউকের চলমান প্রকল্পসহ সরকারের অন্যান্য প্রকল্পে এদের একাংশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সভায় নিউএজ সম্পাদক ও এডিটর্স কাউন্সিলের সভাপতি নুরুল কবির বলেন, আবাসন একটি মৌলিক প্রয়োজন হওয়া সত্ত্বেও সংবিধানে একে ভবিষ্যতের একটি আকাঙ্ক্ষা হিসেবে রাখা হয়েছে। ১৯৭১ সালে বাজেটের সীমাবদ্ধতার কারণে সরকারের পক্ষে এটি পূরণ করা কঠিন ছিল—তা আমরা স্বীকার করি। কিন্তু পরবর্তী সময়ে আসা কোনো সরকারই জনগণের মৌলিক অধিকার হিসেবে আবাসন নিশ্চিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট অঙ্গীকার করেনি।
সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ, ‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর অ্যাডভোকেসি ও নগর বিশেষজ্ঞ তানজিয়া আঞ্জুম, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব কবির আহমেদ, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আফসানা হক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আরিফুল ইসলাম ও ‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি’-এর জাতীয় পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।



