সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশনের সময় অসুস্থ হয়ে পড়া এমপি রবিউল বাশারের স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধীদলীয় সংসদ সদস্য রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার ত্রয়োদশ সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রবিউল। তিনি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য। পরে অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে নেওয়া হয় সংসদ লবিতে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন সংসদের চিকিৎসকরা।
সংসদ অধিবেশনে জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন অসুস্থ সংসদ সদস্যের।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ অন্য হুইপরা।



