১৫ আগস্ট ঘিরে সারা দেশে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ফাইল ছবি
১৫ আগস্টকে সামনে রেখে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ উপলক্ষে সংবেদনশীল স্থান ও অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী ও দুষ্কৃতকারীরা যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে দেশজুড়ে র্যাবের গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার র্যাব ফোর্সেসের এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের সদস্যরা কাজ করে যাচ্ছেন।
র্যাব জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে পরিকল্পনা প্রণয়ন করেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো কুচক্রী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য তাদের অপতৎপরতা ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। তবে বিশেষ ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।







