শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের সেক্রেটারির সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ

হুমায়ুন কবির ও ড. নিহাল আবেসিংহ
শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ড. নিহাল আবেসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বুধবার বিকালে কলম্বোয় এনপিপির সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হুমায়ুন কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতা এবং দুই দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ সময় বিএনপি ও শ্রীলঙ্কার এনপিপির মধ্যে দলীয় পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে দুই দলের কার্যক্রম, রাজনৈতিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে অভিন্ন অবস্থান তৈরির লক্ষ্যে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। এ ধরনের সহযোগিতা দুই দলের পাশাপাশি তাদের সংসদ সদস্যদের জন্যও সুফল বয়ে আনতে পারে বলে মত দেন তারা।
ড. নিহাল আবেসিংহে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত থাকার সময় বাংলাদেশ সফরের স্মৃতি স্মরণ করেন। এ সময় হুমায়ুন কবির তাকে দলের কোনো সম্মেলনে অথবা ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।



