হাঁপ ছেড়ে বাঁচতে ১১ দাবি রেস্তোরাঁ মালিকদের

সংগৃহীত ছবি
রাত তখন সাড়ে ১০টা। ঢাকার ব্যস্ত সড়কের পাশে একসময় মানুষের ভিড়ে ঠাসা ছোট্ট রেস্তোরাঁয় এখন অদ্ভুত নীরবতা। রান্নাঘরের চুলায় আগুন জ্বলছে ঠিকই, কিন্তু কাস্টমারের টেবিলগুলো প্রায় ফাঁকা। ক্যাশ কাউন্টারে বসে থাকা মালিক হিসাবের খাতা উল্টেপাল্টে দীর্ঘশ্বাস ফেলেন। একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে মাংসের দাম আকাশছোঁয়া— তার ওপর কর, ভ্যাট আর একের পর এক অনুমোদনের জটিলতা। যেন প্রতিদিনই নতুন কোনো লড়াই অপেক্ষা করছে।
করোনার ধাক্কা সামলে উঠতে না উঠতেই রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের রেস্তোরাঁ খাত যেন হাঁপিয়ে উঠেছে। শত শত রেস্তোরাঁ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে, আরও অনেক প্রতিষ্ঠান টিকে আছে শুধু শেষ আশাটুকু আঁকড়ে ধরে।
এই সংকটের চিত্র তুলে ধরতেই আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। সংগঠনটির মহাসচিব ইমরান হাসান বলেছেন, ‘এই খাতকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ দরকার। নয়তো রেস্তোরাঁশিল্প ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে তারা সরকারের কাছে ১১ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রেস্তোরাঁ খাতে দ্রুত ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা। কারণ একটি রেস্তোরাঁ চালু করতে বর্তমানে ১০ থেকে ১২ ধরনের সনদ লাগে, যা সংগ্রহ করতে দুই থেকে ছয় মাস পর্যন্ত সময় লেগে যায়। আমলাতান্ত্রিক জটিলতায় ভোগান্তির শেষ থাকে না।
এ ছাড়া ব্যবসায়ীরা ভ্যাট-ট্যাক্সের চাপ কমানোর দাবি জানান। যদিও ভ্যাট ১৫ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে; তবু সম্পূরক শুল্ক, উৎসে করসহ নানা করের বোঝা এখনো ব্যবসায়ীদের জন্য অসহনীয়।
তারা আরও বলেছেন, ২০২২ সালে রেস্তোরাঁ খাতকে শিল্প হিসেবে ঘোষণা করা হলেও বাস্তবে তার কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না। শিল্প খাত হিসেবে স্বীকৃতি কার্যকর হলে ব্যাংকঋণ, কর সুবিধা ও নীতিগত সহায়তা পাওয়া সহজ হবে বলে মনে করেন তারা।
সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে গরুর মাংসের বাজার। কেজিপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকায় মাংস কিনে খাবারের দাম না বাড়িয়ে উপায় থাকছে না। ফলে সাধারণ ক্রেতারাও রেস্তোরাঁমুখী হতে পারছেন না। তাই ব্যবসায়ীরা কঠোর তদারকির মাধ্যমে বিদেশ থেকে গরুর মাংস আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনের শেষদিকে রেস্তোরাঁ মালিকদের কণ্ঠে ছিল একধরনের শঙ্কা আর আকুতি। তাদের দাবি, ‘রেস্তোরাঁ শুধু ব্যবসা নয়, এটি লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় সরকারের। এই খাতকে বাঁচানো না গেলে হয়তো একদিন শহরের আলো ঝলমলে রেস্তোরাঁর অনেকগুলোই নিভে যাবে চিরতরে।’



