শিশুদের সুরক্ষায় দেশব্যাপী হবে চাইল্ড কেয়ার সেন্টার: জাহিদ হোসেন

সংগৃহীত ছবি
শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা এবং সার্বিক বিকাশ নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও শহরের ওয়ার্ডগুলোয় চাইল্ড কেয়ার সেন্টার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট চিল্ড্রেন’ শীর্ষক সম্মেলনের প্যানেল আলোচনায় এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশের বয়স ১ দিন হতে ১৮ বছরের মধ্যে। এই বিশাল জনগোষ্ঠীর সুরক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি, অভিভাবকদের কর্মক্ষেত্রেও শিশুসুরক্ষা ও পরিচর্যার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।
তিনি জানান, বর্তমানে প্রতিটি উপজেলায় ৫টি করে কমিউনিটিভিত্তিক ‘শিশু সুরক্ষা কমিউনিটি হাব’ পরিচালিত হচ্ছে। যেখানে স্বেচ্ছাসেবী সেবাদাতাদের সম্মানী প্রদানের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায় থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে শিশুদের সুরক্ষা আরও জোরদার করতে প্রতিটি ইউনিয়নে এই সেবা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া, কর্মজীবী দম্পতিদের সন্তানদের পরিচর্যার জন্য শহর ও উপশহরে ডে-কেয়ার কর্মসূচি চালু থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল হওয়ায় শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে শিশু দিবাযত্ন সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।



