শেখ হাসিনাকে ফেরাতে কী করছে সরকার, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি

পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের নেওয়া কূটনৈতিক ও আইনগত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এ বিষয়ে সরকারের উদ্যোগ ও অগ্রগতি কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাকে ফেরাতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের অন্যতম এজেন্ডা। শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয় কী কী উদ্যোগ নিয়েছে, তার প্রতিবেদন কমিটিতে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে কীভাবে সহযোগিতা করতে পারে, তা জানাতেও বলা হয়েছে।’
তিনি জানান, বিষয়টি নিয়ে বৈঠকে উপস্থিত দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, তারা এ বিষয়ে কাজ করছেন। তাকে ফেরাতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারত্ব বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে পদ্ধতিগত দুর্বলতা এবং যথাযথ যাচাই-বাছাইয়ের অভাবে নানা সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্র যথাযথভাবে সত্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়ায় যাচাই করা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশও করা হয়েছে।




