রোহিঙ্গা গণহত্যা রায়
আইসিজের ঐতিহাসিক রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

সংগৃহীত ছবি
২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক সনদের আওতায় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় দেওয়া এ রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার রাত ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঐতিহাসিক রায়ে আদালত নির্ধারণ করেছেন, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। কোনো রাষ্ট্র গণহত্যা সংঘটিত করেছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া এটিই প্রথম রায়।
আদালত আরও বলেছেন, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটিত হওয়া প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে দেশটি সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এ ছাড়া গণহত্যা ও সনদে উল্লেখিত অন্যান্য অপরাধের বিচার ও শাস্তি প্রদান এবং সনদের কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রেও দেশটি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
এসব বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে আদালত মিয়ানমারকে কয়েকটি নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে, সনদের অধীন দায়িত্বগুলো পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে আইন প্রণয়নের মাধ্যমে চলমান যেকোনো লঙ্ঘন বন্ধ করা। সনদবিরোধী কর্মকাণ্ড সংঘটনের বিষয়ে যুক্তিসংগতভাবে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নিয়ে তদন্ত করা এবং তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করা।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘনের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা ও গ্যারান্টি দেওয়া এবং একই ধরনের লঙ্ঘন প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন আদালত। রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণমূলক ব্যবস্থা গ্রহণ, মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ নিজ বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া এবং পরিবারের সদস্যদের পুনর্মিলন নিশ্চিত করার কথাও বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষিত একটি মাইলফলক। মামলার পক্ষ হিসেবে মিয়ানমার এখন আদালতের চূড়ান্ত রায় মেনে চলতে এবং এর নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে আইনগতভাবে বাধ্য।
দীর্ঘ সাত বছর ধরে এ মামলা পরিচালনায় নীতিনিষ্ঠ নেতৃত্ব দেওয়ায় গাম্বিয়ার প্রশংসা করেছে বাংলাদেশ। মামলাটি পরিচালনায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সমর্থন দিয়েছে। পাশাপাশি ১১টি সদস্যরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টিও স্বীকার করেছে বাংলাদেশ। দেশগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
রায়ের অধীন নিজেদের বাধ্যবাধকতা দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে পালন করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ঐতিহাসিক এ রায়ের পূর্ণাঙ্গ, কার্যকর ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছে ঢাকা।
বিশেষভাবে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো তাদের মিয়ানমারে নিজ নিজ বাড়িতে প্রত্যাবাসন। বাংলাদেশের বিশ্বাস, এই রায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা করেছে বাংলাদেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখা এবং আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা।





