ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা এখন ‘মাইগভ’ প্ল্যাটফর্মে

সংগৃহীত ছবি
প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এখন থেকে ঘরে বসেই আবেদন, সেবা ফি পরিশোধ এবং কিউআর কোডসংবলিত সনদ গ্রহণ করতে পারবেন নাগরিকরা।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
এতে বলা হয়েছে, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের উদ্যোগে, মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম ও আইসিটি বিভাগের সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে। নাগরিকের যাতায়াত, সময়, ব্যয় ও ভোগান্তি কমিয়ে সেবা সহজলভ্য করতে প্রাথমিকভাবে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের দুটি নাগরিক সেবা নিয়ে পাইলট কার্যক্রম শুরু হয়। সফল পাইলটিংয়ের পর অবশিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের সেবা সহজীকরণ ও ডিজিটাল রূপান্তরের অগ্রাধিকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির মাধ্যমে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।



