প্রবীণদের পাশে আগামীর সময় ‘গোল্ড ক্লাব’, সঙ্গী প্রিমিয়াম হোমস
- আগামীর সময়-প্রিমিয়াম হোমস চুক্তি সাক্ষর

উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করছেন গোল্ড ক্লাবের পরিচালক সাইদুজ্জামান রওশন এবং প্রিমিয়াম হোমস লিমিটেডের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এজাজুর রহমান সজল। ছবি: সাজ্জাদ হোসেন
দৈনিক আগামীর সময়ের প্রবীণদের সংগঠন ‘গোল্ড ক্লাবের’ টাইটেল স্পন্সর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে আবাসন প্রতিষ্ঠান দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের লা ভিঞ্চি হোটেলে এক অনুষ্ঠানে ‘প্রিমিয়াম হোমস-আগামীর সময় প্রবীণদের পাশে গোল্ড ক্লাব’ শীর্ষক এ চুক্তি স্বাক্ষর হয়।
এই উদ্যোগের মাধ্যমে প্রবীণদের অভিজ্ঞতা, সৃজনশীলতা ও জীবনবোধ সামাজিক পরিসরে আরও সক্রিয়ভাবে যুক্ত করার পাশাপাশি তাদের জন্য একটি আনন্দময় ও আন্তরিক পরিসর তৈরির প্রত্যাশা করছেন আয়োজকেরা।
উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গোল্ড ক্লাবের পরিচালক সাইদুজ্জামান রওশন এবং প্রিমিয়াম হোমস লিমিটেডের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এজাজুর রহমান সজল।
এ সময় উপস্থিত ছিলেন আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন, প্রিমিয়াম হোমস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইনুল হাসান দুলন, রায়হান পাটওয়ারী, মেহেদী হাসান রোদ্র, তাহমিদ আল শাহরিয়ার এবং আগামীর সময়ের সেলস, মার্কেটিং অ্যান্ড অপারেশন্সের ডিরেক্টর আহসানুজ্জামান রিমন, ক্রিয়েটিভ, রিসার্চ অ্যান্ড ইভেন্টসের ডেপুটি হেড নাজির হোসেন।
চুক্তির আওতায় আগামী এক বছরে ঢাকা ও ঢাকার বাইরে মোট ১২টি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রবীণদের সুস্থতা, বিনোদন, সামাজিক সম্পৃক্ততা এবং নতুন প্রজন্মের সঙ্গে মেলবন্ধন তৈরির লক্ষ্যে এসব আয়োজনে থাকবে গান, আবৃত্তি, স্মৃতিচারণ, স্বাস্থ্য ও মানসিক পরামর্শসহ নানা কার্যক্রম। ১২তম অনুষ্ঠানটি দেশের সব গোল্ড ক্লাব সদস্যের অংশগ্রহণে ‘প্রবীণ উৎসব’ হিসেবে উদযাপন করা হবে।
স্বাগত বক্তব্যে গোল্ড ক্লাবের পরিচালক সাইদুজ্জামান রওশন বলেন, ‘প্রবীণরা পরিবার বা সমাজে অবহেলার জায়গায় পড়ে আছে। তাদের পাশে থাকার ভাবনা নিয়ে আমরা প্রবীণদের জন্য ক্লাব করেছি। এই ভাবনাটি মূলত আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুনের।’
দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন বলেন, ‘প্রবীণদের যে বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা, তা নানাভাবে আমাদের সমৃদ্ধ করতে পারে। তারুণ্যে আমরা ব্যবসা করি, ক্যারিয়ারের জন্য নানান আইডেন্টি তৈরি করি। কিন্তু প্রবীণ বয়সে আবার আমরা একই আইডেন্টিতে মিশে যাই। সবার তখন একটাই পরিচয় হয়ে ওঠে প্রবীণ। তখন তাদের দেওয়ার মতো সময় অন্যদের থাকে না। আমরা মনে করছি, এই কাজটি দিয়ে সমাজে একটা আলো ফেলতে। সেই ভাবনা থেকে ক্লাব করি। আমরা চেয়েছি, প্রবীণরাও নিজেদের মধ্যে কানেক্ট হোক।’
প্রিমিয়াম হোমস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইনুল হাসান দুলন বলেন, ‘প্রিমিয়াম হোমস শুরু থেকেই চেষ্টা করছে মধ্যবিত্তের স্বপ্নকে যেন ছুঁতে পারে। মধ্যবিত্তদের নিজের সামর্থ্যের মধ্যে থাকার ব্যবস্থা করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। আমরা সব সময় চেয়েছি প্রবীণদের জন্য কিছু করতে। এই উদ্যোগে যুক্ত হওয়াটা আমাদের সেই চিন্তারই প্রতিফলন।’
প্রিমিয়াম হোমস লিমিটেডের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এজাজুর রহমান সজল বলেন, ‘আমরা অনেক সময় নেগেটিভ গল্পগুলো বেশি সামনে আনি। আবার দেখি, কেউ যখন বয়স্ক মানুষকে সম্মান দেখিয়ে বাসে সিট ছেড়ে দিচ্ছেন, তা দেখে ভালো লাগা বেড়ে যায়। আমাদের প্রিয়জনেরা যখন ভালো থাকেন, তখন আমরাও ভালো থাকি। প্রবীণদের নিয়ে আগামীর সময়ের গোল্ড ক্লাব আয়োজনটি সমাজে একটা প্রভাব ফেলবে এবং এর আলোটা সমাজে ছড়াবে। এটাই প্রত্যাশা করি।’







