ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ

সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন (মহিলা আসন-২৩) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ আজ মঙ্গলবার।
এদিন দুপুর ১২টায় সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নব নির্বাচিত এই দুইজন সংসদ সদস্য শপথ নিবেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। গতকাল সোমবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন নির্বাচিত হন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
অন্যদিকে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের (আসন-২৩) সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ইসির তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হয়নি। সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপ-নির্বাচনে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার তাকে ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।



