সংসদে প্রধানমন্ত্রী
সরকারি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে

ফাইল ছবি
সরকারি মালিকানাধীন যেসব লাভজনক কোম্পানি এখনো শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি, সেগুলো মূল্যায়ন করে ধাপে ধাপে বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
প্রধানমন্ত্রী বললেন, ‘সরকারের যেসব লাভজনক প্রতিষ্ঠান এখনো শেয়ারবাজারে আসেনি, সেগুলো মূল্যায়ন করা হবে। বিশেষজ্ঞদের সুপারিশে উপযুক্ত কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হবে।’
তিনি বললেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শেয়ারবাজারে ধারাবাহিক পতনের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ, বিনিয়োগকারী সংগঠন ও তদন্তকারী সংস্থাগুলো কাজ করেছে। তদন্তে বাজার কারসাজি, আইপিও ও বন্ড ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকি, করপোরেট সুশাসনের ঘাটতি, আর্থিক তথ্যের অস্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ, নীতিগত অসঙ্গতি এবং পুঁজিবাজারবান্ধব করনীতির অভাবের বিষয়গুলো উঠে এসেছে।’
‘শেয়ারবাজারে অনিয়মের মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে দুদক শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে অনুসন্ধান চালিয়ে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে। আরও ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাজার কারসাজি ও অনিয়মের ঘটনায় ১ হাজার ৪৯৭ কোটি টাকা জরিমানা করেছে।’—যোগ করেন তিনি।
তিনি বললেন, ‘বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার এরই মধ্যে বিএসইসিতে দক্ষ চেয়ারম্যান ও তিনজন কমিশনার নিয়োগ দিয়েছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে। পাশাপাশি সরকারি ও বহুজাতিক কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলভিত্তিসম্পন্ন ও এসএমই কোম্পানিকে বাজারে আনা, বাজার কারসাজি রোধ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে আরও বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ‘সরকার শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বদ্ধপরিকর। সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, বাজারের গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগ শিক্ষার প্রসারের মাধ্যমে একটি উন্নত ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’




