শতভাগ তামাকমুক্ত হচ্ছে প্রাথমিকের সব কার্যালয়

সংগৃহীত ছবি
জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের রক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে অধিদপ্তরের সব অফিসের দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় মহাপরিচালক বলেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে তামাকমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে অধিদপ্তরের অফিসগুলোতে দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে সরকারি-বেসরকারি অফিসসহ সব জনসমাগমস্থল শতভাগ ধূমপানমুক্ত রাখা প্রয়োজন। এর মাধ্যমে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন এবং ধূমপায়ীদের মধ্যেও তামাক ছাড়ার প্রবণতা বাড়বে।



