৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপের তিন দেশ

ফাইল ছবি
ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস এবং সাইপ্রাস থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে ৩৫ বাংলাদেশিকে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরেন তারা।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে রয়েছেন ছয়জন।
ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের (ফ্রন্টেক্স) ব্যবস্থাপনায় শুক্রবার একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়। এর মাধ্যমে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, ইউরোপে অবৈধ আগমন ও অবৈধ অবস্থানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না; বরং নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনকে উৎসাহিত করা হবে।
যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার জন্য পাচারকারী, দালাল বা চোরাকারবারিদের অর্থ প্রদান না করার আহ্বান জানিয়ে ওই বার্তায় আরও বলা হয়েছে, কেউ অবৈধভাবে এসব দেশে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিজ দেশে ফেরত পাঠাবে। এক্ষেত্রে শেনজেনভুক্ত দেশগুলোতে তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও বার্তায় জানানো হয়।



