আইসিটি মন্ত্রীকে বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা

আইসিটি মন্ত্রীকে ফলেল শুভেচ্ছা জানান বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা। ছবি : সংগৃহীত
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা।
আজ সোমবার মন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কমিটির সদস্যরা। এ সময় ডাক বিভাগের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেছেন, ডাক বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ডাকসেবাকে আরও গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করতে হবে।
ফকির মাহবুব আনাম বলেছেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেছেন, ডাক বিভাগের উন্নয়ন ও সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ডাক বিভাগের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, ডাক বিভাগের আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নবনির্বাচিত কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।
এ সময় তারা ডাক বিভাগের উন্নয়নে মন্ত্রীর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



