শামা ওবায়েদ
মিয়ানমারের বিরুদ্ধে মামলার রায়ের দিকে তাকিয়ে বাংলাদেশ

মিয়ানমার মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি অ্যান একেলস-কারি আজ বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে দেখা করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমার মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি অ্যান একেলস-কারি দেখা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে।
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের আগের দিন আজ বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন জাতিসংঘের দূত।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ রায়ের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।
জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারিকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিশেষ র্যাপোর্টিয়ার কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে আলোচনায় প্রাপ্ত অভিজ্ঞতা প্রতিমন্ত্রীকে জানান। তিনি বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে তার মূল্যায়ন তুলে ধরে বলেন, সেখানে রয়েছে মানবিক সহায়তার ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকট সমাধান নিয়ে অনিশ্চয়তা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারের, বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, রোহিঙ্গারা ক্রমাগত সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির শিকার হচ্ছে।
তিনি রাখাইন রাজ্যে অবশিষ্ট রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা, অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ রাখা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শামা ওবায়েদ জাতিসংঘ দূতকে বলেন, প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে মিয়ানমারে তাদের পৈতৃক ভিটায় দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সমন্বিত ও কার্যকর রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জবাবদিহি নিশ্চিতের ওপর জোর দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে আসন্ন রায়ের দিকে বাংলাদেশ গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।



