জনপ্রশাসন উপদেষ্টা
ভেজাল খাদ্যপণ্যের বিপণন রোধে কাজ করছে সরকার

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বৈঠক করেন জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি এইচ. ই তাকাহাশি জুনকো
বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার দেশব্যাপি নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং নকল ও ভেজাল খাদ্যপণ্যের উৎপাদন, সরবরাহ ও বিপণন রোধে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেছেন, ‘এ লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পর্যাপ্ত জনবল নিয়োগ, মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি এইচ. ই তাকাহাশি জুনকোর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশে জনস্বাস্থ্য সুরক্ষা, সকল নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ, খাদ্যবাহিত রোগসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা প্রশাসনকে কার্যকর ও শক্তিশালী করা, কারিগরি দক্ষতা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
এ সময় খাদ্যের মান পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৬৪ জেলায় পরীক্ষাগার স্থাপনে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কারিগরি সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বললেন, ‘আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধানের যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে হবে।’
জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি এইচ. ই তাকাহাশি জুনকো বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত করতে বিদ্যমান খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইন ও বিধিমালা সুবিন্যস্ত করার সুপারিশ করেন। তিনি খাদ্য নিরাপত্তার জন্য একটি সমন্বিত আইনি কাঠামো গড়ে তোলার পাশাপাশি সকল খাদ্য ব্যবসায়ীর জন্য একক লাইসেন্সিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত করতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে আন্তর্জাতিক মানের তিনটি ল্যাব স্থাপন করছে জাইকা।
তাকাহাশি জুনকো বলেন, কার্যকর খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষায়িত কারিগরি দক্ষতা, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃত পরীক্ষাগার এবং দেশব্যাপি খাদ্যের নমুনা সংগ্রহ ও পরিদর্শন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
এ লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।



