১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

‘আমরা বাংলাদেশি’ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে। ছবি : আগামীর সময়
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে পার্থক্য আছে। সেটি অস্বীকারের উপায় নেই। বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। আমরা নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশি। আমাদের ক্ষণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ একটি বিরাট অর্জন।
তিনি বলেছেন, শুধু ১৪০ কোটি বা ২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করলেই হবে না, প্রয়োজনে সার্কভুক্ত ২২০ কোটি মানুষকেও ঐক্যবদ্ধ করতে হবে। আঞ্চলিকতার জন্য সার্ক এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘দেশ পুনর্গঠনে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
‘আমরা বাংলাদেশি’ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে। সংগঠনের মূল উদ্যোক্তা সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে আরও বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজপথের স্লোগান ও দিকনির্দেশনা জুলাই গণঅভ্যুত্থানে জনগণকে শক্তি ও সাহস জুগিয়েছে। যার ফলে দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছে।
প্রধান আলোচক ড. মাহবুব উল্লাহ বলেছেন, অখণ্ড ভারতের স্বপ্ন দেখে যারা বাংলাদেশে মিশন নিয়ে আসছেন, তাদের বিষয়ে ভাবতে হবে। জাতীয় ঐক্যই এখন আমাদের প্রধান হাতিয়ার।
সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম তার বক্তব্যে বলেছেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অংশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।
অতীতের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, সাবেক প্রধান উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করতে চেয়েছিলেন। জনগণকে পাশ কাটিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন। অবশেষে সকল চক্রান্ত নস্যাৎ করে দেশ এখন রাজনৈতিক সরকারের মাধ্যমে সঠিক গন্তব্যে পৌঁছেছে।




