সাংবাদিক নিপীড়ন চক্র ভাঙতে ১০ সুপারিশ সিপিজের

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহবান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। বিশ্ব জুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনটি ১০টি সুপারিশও করেছে প্রধানমন্ত্রীর উদ্দেশে। গতকাল মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে সিপিজে। সেখানে বাংলাদেশের সাংবাদিকদের ওপর দমনপীড়নের চক্র ভেঙে ফেলতে বেশ কয়েকটি পথও দেখিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে।
সুপারিশগুলো হলো— সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার বন্ধ, আইসিটি আইন ব্যবহারে নিষেধাজ্ঞা, সাংবাদিক হেনস্তার জবাবদিহি নিশ্চিত করা, গণমাধ্যম ও সাংবাদিকদের সহিংসতা থেকে সুরক্ষা, সাইবার আইন সংস্কার ও মামলা প্রত্যাহার, সন্ত্রাসবিরোধী আইন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার বন্ধ, প্রস্তাবিত গণমাধ্যম কমিশন অধ্যাদেশ প্রত্যাহার, পুরনো দমনমূলক আইন ও নজরদারি ব্যবস্থা সংস্কার, অ্যাক্রেডিটেশন ও এসএলএপিপি সংস্কার, সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ। পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা একটি সাংবিধানিক অধিকার; গণতন্ত্রের জন্য অপরিহার্য— বিষয়টি সরকারকে বারবার ঘোষণা দিতে হবে জনসমক্ষে।




