চিফ হুইপ
১১ জুন বাজেট পেশ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
আগামী ১১ জুন সংসদে বাজেট পেশ এবং ১৫ জুন সম্পূরক বাজেট পাস হবে বলে জানিয়েন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ শনিবার সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
চিফ হুইপ বলেছেন, ‘বাজেট আলোচনা শুরু হবে ১৬ জুন থেকে। ৩০ তারিখের মধ্যে বাজেট পাস করতেই হবে। এরপর প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের নিয়ম গেজেট হতে হবে রাত ১২টার আগে।’
সংসদীয় দলের সভা প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রণালয়গুলোর কাজের অগ্রগতি এবং ১২০ দিনে কী কী কাজ করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হয়েছে।
হাম ও ডেঙ্গু নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে উল্লেখ করে তিনি আরও জানান, স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যক্রম গ্রহণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। এক হাজার শয্যার হাসপাতাল নিয়ে চীনের সঙ্গে পাঁচটি চুক্তি হয়েছে। এর মধ্যে কমপক্ষে একটি হাসপাতাল হবে শুধু নারী ও শিশুদের জন্য।
দেশে চাঁদাবাজি-মাদকের কোনো জায়গা হবে না উল্লেখ করে চিফ হুইপ বলেছেন, ‘যে বা যারা এমন কার্যক্রম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, খুব শিগগিরই সেটি দেখতে পাবেন। দলের হলেও কোনো মাফ হবে না। প্রধানমন্ত্রীও এতে সায় দিয়েছেন। সব ধরনের ক্রাইম, বিশেষ করে জুয়া বন্ধে কার্যক্রম নেওয়া হচ্ছে।’
নুরুল ইসলাম মনি জানান, সংবিধান সংশোধনে একটি কমিটি করার চেষ্টা করছি। যুগোপযোগী করতে এবং মানুষের চাহিদা পূরণে সংবিধান সংশোধন করা হয়। সংবিধান সংশোধন ছাড়া কোনো পথ নেই, সে কারণেই বিরোধী দল কমিটিতে নাম দেবে বলে বিশ্বাস।




