বাংলাদেশে বসবাস ১০৩৭ জাপানি নাগরিকের

বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিকের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। ২০২৫ সালের ১ অক্টোবরের হিসাব অনুযায়ী, আগের বছরের তুলনায় এ সংখ্যা ৭২ জন বা ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। একই সময়ে বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। জাপানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশে বসবাসরত নাগরিকদের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশে জাপানি নাগরিক ছিলেন ৯৬৫ জন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ১২২। অর্থাৎ এক বছর কমার পর গত বছর বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিকের সংখ্যা আবার বেড়েছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিকদের মধ্যে ৯৫৫ জন দীর্ঘমেয়াদি বাসিন্দা এবং ৮২ জন স্থায়ী বাসিন্দা। দীর্ঘমেয়াদি বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার কেন্দ্র ছিল ৩৩৮টি। আগের বছর এ সংখ্যা ছিল ৩৩০। ২০২৩ সালে ছিল ৩১৫টি। অর্থাৎ গত দুই বছরে বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার কেন্দ্রের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।



