ফেব্রুয়ারির বইমেলা কেন এবার জানুয়ারিতে

অমর একুশে বইমেলা। ছবি: সংগৃহীত
বিশেষ প্রেক্ষাপট ছাড়া অমর একুশে বইমেলা শুরুর রীতি বরাবরই ফেব্রুয়ারির প্রথম দিন থেকে। কিন্তু ২০২৭ সালে এগিয়ে আসছে এই মেলা। ৭ জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় প্রকাশক-প্রতিনিধিদের সম্মতিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা একাডেমি।
এবার বইমেলা কেন এগিয়ে আনা হয়েছে, তা জানতে বাংলা একাডেমির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে আগামীর সময়। তারা জানিয়েছেন, রমজানের কারণে বই বিক্রি কমে যাওয়ার আশঙ্কা করছেন প্রকাশকরা। ওই দাবির পরিপ্রেক্ষিতেই মেলা এগিয়ে জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া।
গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এবার রমজানের আগে বইমেলা আয়োজনের দাবি জানায়। ওই চিঠির একটি অনুলিপি দেখেছে আগামীর সময়। এতে অমর একুশে বইমেলা-২০২৭ আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজনের প্রস্তাব দেয় সংগঠনটি।
এ বিষয়ে বাপুসের পরিচালক আবুল বাশার ফিরোজ শেখ আগামীর সময়কে বলেন, ‘ফেব্রুয়ারিতে তো রোজা থাকবে, তখন বইমেলা হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এজন্য এবার রোজার আগেই বইমেলা করার দাবি জানিয়েছেন প্রকাশকরা।’
তবে একুশের চেতনা ও বইমেলার ঐতিহাসিক তাৎপর্য বজায় রাখার বিষয়টিও বিবেচনায় রাখার কথা বলেছে বাপুস।
সমিতির চিঠিতে বলা হয়েছে, ‘অমর একুশে বইমেলার সঙ্গে ফেব্রুয়ারি মাস এবং মহান ভাষা আন্দোলনের স্মৃতি ও আবেগ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই কেবল রমজানের কারণে মেলাকে সম্পূর্ণভাবে ফেব্রুয়ারি মাসের বাইরে নিয়ে যাওয়া হলে মেলার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আবেগগত তাৎপর্য কিছুটা হলেও ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দেশের সৃজনশীল প্রকাশকদের সঙ্গে মতবিনিময় করে একটি সমন্বিত ও ভারসাম্যপূর্ণ সময়সূচি নির্ধারণের প্রস্তাব করছে।’
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আগামীর সময়কে বলেন, ‘প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত সকলেই তারিখটির বিষয়ে একমত হয়েছেন।’
বাংলা একাডেমি সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। সভায় বইমেলার তারিখ ঠিক করা হয়।
এদিকে গত বছরও ফেব্রুয়ারির প্রথম দিন থেকে একুশে বইমেলা আয়োজন করা সম্ভব হয়নি। রমজান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বইমেলা ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। পরে নানা সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। এরপর জাতীয় সংসদ নির্বাচনের পর ২৬ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত বইমেলা হয়।
এর আগে করোনা মহামারীর কারণে ২০২১ সালে ফেব্রুয়ারির প্রথম দিন বইমেলা শুরু করা সম্ভব হয়নি। পরের বছর, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা।



