‘আলী যাকের গবেষণা বৃত্তি’ পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী

ছবি: আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের সহযোগিতায় ‘আলী যাকের অনুশীলন ও গবেষণা বৃত্তি ২০২৫’ প্রদান করা হয়েছে। এ বছর বিভাগের ২০২৪ শিক্ষাবর্ষের এমএ প্রথম সেমিস্টারের ১২ জন শিক্ষার্থী এ বৃত্তি লাভ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। সভাপতিত্ব করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈশান।
প্রতিবছরের মতো এবারও বিভাগের ২০২৪ শিক্ষাবর্ষের এমএ কোর্সের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের অনুশীলন ও গবেষণা কার্যক্রম সফলভাবে সম্পাদনের লক্ষ্যে বৃত্তির প্রথম কিস্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে মঙ্গলদীপ ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আশা জানায়, শিক্ষার্থীদের অনুশীলন ও গবেষণা কার্যক্রমে এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






