উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার তাহসীন বললেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ’

ছবি: আগামীর সময়
উগ্রবাদী সংগঠন ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সক্রিয় সদস্য সন্দেহে গ্রেপ্তার তাহসীন ইসলামের রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে তিন দিনের মধ্যে তদন্তের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ড আবেদন করেন যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর এ বি সিদ্দিক। আসামি তাহসীনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এ সময় বিচারক জানতে চান, তার কিছু বলার আছে কি না? জবাবে তাহসীন বললেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ।'
এরপর আদালত তার রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর থেকে চাপাতি, বৈদ্যুতিক তার ও বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে পুলিশ।




