একটি খুন, তিন সংস্থার তদন্তে পাঁচ বছর পর সামনে ঘাতকের মুখ
- গামছা আর বালিশেই থেমেছিল বাদলের জীবন
- তদন্তের তিন ধাপ পেরিয়ে ধরা পড়ল খুনি

আসামি মো. শাওন আহম্মেদ সুজন (মাঝে)
একটি ভাড়া বাসার নিভৃত কক্ষে থেমে গিয়েছিল বাদল মিয়া ওরফে জোসুর (৪০) জীবনের গল্প। ২০২১ সালের এক রাতে নৃশংসভাবে হত্যার শিকার হন তৃতীয় লিঙ্গের এই সদস্য। সেই রাতের পর কেটে গেছে পাঁচটি বছর। ঘাতক বদলে ফেলেছেন ঠিকানা, গা ঢাকা দিয়ে থেকেছেন দীর্ঘদিন।
এদিকে বাদল হত্যার রহস্য উদঘাটনে একে একে তদন্ত করেছে তিনটি সংস্থা। কিন্তু দীর্ঘ সময়েও মেলেনি খুনির সন্ধান। অবশেষে পিবিআইয়ের অধিকতর তদন্তে খুলেছে পাঁচ বছর আগের সেই হত্যাকাণ্ডের জট। দিনাজপুর থেকে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত মো. শাওন আহম্মেদ সুজন (২৮)। শুধু তাই নয়, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার বর্ণনাও দিয়েছেন তিনি।
পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, যৌন সম্পর্কের প্রস্তাব ও টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় তাকে। পরে গলায় গামছা পেঁচিয়ে এবং মুখে বালিশ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন সুজন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
তিন সংস্থার হাত ঘুরে পিবিআইয়ের সাফল্য
পিবিআই সূত্র জানায়, ২০২১ সালের ২৪ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে আশুলিয়া থানার এনায়েতপুর দক্ষিণপাড়ার আবু বকর সিদ্দিকের একটি সেমিপাকা টিনশেড বাড়ির ভাড়া কক্ষে খুন হন বাদল মিয়া ওরফে জোসু। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ ঘটনায় পরদিন ২৫ অক্টোবর নিহতের বাবা মো. সিদ্দিকুর রহমান আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
প্রথমে আশুলিয়া থানা-পুলিশ প্রায় ছয় মাস মামলাটির তদন্ত করে। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্তভার নেয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি প্রায় এক বছর আট মাস তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তবে সেই প্রতিবেদন গ্রহণ না করে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই ঢাকা জেলাকে নির্দেশ দেন। এরপর পিবিআই ঢাকা জেলার এসআই ফরহাদ মোল্লাকে মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। দীর্ঘদিনের পুরোনো নথি, তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চালান তিনি।
তরুণীকে নিয়ে যৌন সম্পর্কের কথা বলে ডেকে নেওয়া
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও নিরিবিলি এলাকায় চলাফেরা করতেন। এ সূত্রে মোর্শেদ (৩৪) নামের আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বাদল মাঝেমধ্যে পুরুষ সঙ্গীদের নিয়ে মোর্শেদের ভাড়া বাসায় যাতায়াত করতেন। অভিযুক্ত সুজন ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করার সময় বাদলের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ঘটনার দিন সুজন মোবাইল ফোনে বাদলের সঙ্গে যোগাযোগ করেন। তার সঙ্গে থাকা এক তরুণীকে নিয়ে যৌন সম্পর্কের বিষয়ে কথা হলে বাদল তাকে নিজের বাসায় আসতে বলেন। সেই সূত্র ধরেই ২০২১ সালের ২৪ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে এনায়েতপুর দক্ষিণপাড়ার ওই ভাড়া বাসায় যান সুজন। তবে সেখানে গিয়ে তরুণীকে দেখতে না পেয়ে বিষয়টি জানতে চান সুজন।
ওই তরুণীর ভূমিকা কী— এমন এক প্রশ্নের উত্তরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ মোল্লা আগামীর সময়কে জানিয়েছেন, নবীনগর এলাকায় রাতের আধারে তৃতীয় লিঙ্গের সদস্যরা আপত্তিকর কাজ করত। তাদের দলে একজন তরুণীও ছিলো। সেই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছিলো সুজন। যার জন্য আগে থেকেই তাকে বাদলের বাসায় আনতে বলেছিলেন সুজন।
৩ হাজার টাকা নিয়ে বিরোধ, গামছায় শ্বাসরোধ
পিবিআইয়ের ভাষ্য, তরুণীকে না পেয়ে সুজন কারণ জানতে চাইলে বাদল নিজেই তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। সুজন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাদল তার শার্টের পকেট থেকে জোর করে ৩ হাজার টাকা নিয়ে নেন। একই সঙ্গে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে, অন্যথায় বাসা থেকে আরও ৫ হাজার টাকা এনে দিতে হবে বলে হুমকি দেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সুজন বাদলের ঘাড়ের বাঁ পাশে ঘুষি মারেন। এতে বাদল খাটের ওপর পড়ে গিয়ে হাঁপাতে থাকেন। তখন সুজন তার গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন। পরে মুখের ওপর বালিশ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এরপর থেকে আত্মগোপনে ছিলেন।
দিনাজপুরে পাঁচ বছর পর গ্রেপ্তার
দীর্ঘ তদন্তের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে পিবিআই ঢাকা জেলার একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে পিবিআই। তদন্তের একপর্যায়ে হত্যায় জড়িত সুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম এখনো চলমান।



