ঢাবিসহ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত রাখতে হাইকোর্টের নির্দেশ

ছবি: আগামীর সময়
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা না নেওয়ার আবেদনে সায় দিয়েছে হাইকোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ এসেছে।
জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ হাইকোর্টে আবেদনটি করেছিলেন।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয়ের পর সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে সরকার। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সেই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে।
এদিকে ঢাকাসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এরই মধ্যে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার কার্যক্রম শুরু করে দিয়েছে। ফলে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন, তাদের উত্তীর্ণ হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর ভর্তি কার্যক্রম শুরু করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোকে অনুরোধ করেছিলেন।
তবে
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাকে সাড়া না দেওয়ার পর এখন উচ্চ আদালত থেকে ভর্তি পরীক্ষা
স্থগিতের নির্দেশ এল।



